হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানান, দুর্ঘটনাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।








